জাতীয়
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজে ডিজির সঙ্গে তর্ক, নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফরের সঙ্গে তর্কের ঘটনায় শোকজের জবাব জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা জানিয়েছেন।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌসের কাছে জবাব জমা দেন ধনদেব।

তিনি বলেন, “ডিজি বয়স্ক মানুষ, আমারও বেয়াদবি হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।”

ঘটনা ঘটে শনিবার (৬ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে একটি সেমিনারের আগে। ডিজি আবু জাফর হাসপাতাল পরিদর্শন করেন এবং জরুরি বিভাগের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের টেবিলের বিষয়ে চিকিৎসকদের কাছে ব্যাখ্যা চায়। তখন ধনদেব তার সঙ্গে তর্কে জড়ান।

এরপর হাসপাতাল কর্তৃপক্ষ অসদাচরণের কারণে তাকে শোকজ করে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ ছিল। ধনদেব নির্ধারিত সময়ে জবাব জমা দিয়ে বিষয়টি সমাধান করেছেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বলেন, “চিকিৎসককে শোকজ এবং দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে।”

ধনদেব চন্দ্র বর্মণ ২০২৩ সালের ৮ আগস্ট ওয়ান-স্টপ সার্ভিসের দায়িত্ব নেওয়া এবং চলতি বছরের জুলাইতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছিলেন।

মতামত দিন