পরিদর্শনে গিয়ে চিকিৎসকের সঙ্গে বাগবিতণ্ডা, ময়মনসিংহ মেডিক্যালের চিকিৎসক ইনচার্জ বরখাস্ত।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সেবা পরিস্থিতি ঘুরে দেখার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের তর্কাতর্কি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন সংশ্লিষ্ট চিকিৎসক ডা. ধনদেব বর্মণ।
ঘটনা ঘটে শনিবার (৬ ডিসেম্বর) সকালে। হাসপাতালের শিশু ইউরোলজি ও প্রজননসংক্রান্ত চিকিৎসা নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর। কর্মসূচিতে অংশ নেওয়ার আগে তিনি হাসপাতালে বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা, স্টাফ উপস্থিতি—এসব বিষয়ে ডিজি প্রশ্ন তুললে ডা. ধনদেব বর্মণ পাল্টা বিভাগীয় সংকট, কর্মীসংখ্যার ঘাটতি আর অতিরিক্ত চাপের কথা তুলে ধরেন। এর জেরে দু’জনের মধ্যে উত্তেজনাকর বাক্য বিনিময় হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পরে ডিজি তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “ডিজি স্যার পরিদর্শনের সময় কিছু বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। এরপর ডা. ধনদেবের সঙ্গে কথা কাটাকাটি হয়, যা কাম্য নয়। বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
মতামত দিন