জাতীয়
ছবি: সংগৃহীত

বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের প্রতিবাদ, এনইআইআর সংস্কারের দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

মোবাইল ফোন খাতে নতুন নিয়ম চালুর প্রস্তুতির প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন হাজারো ব্যবসায়ী। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে আগারগাঁও এলাকায় দোকান মালিক ও কর্মচারীরা জড়ো হয়ে অবস্থান নেন।

তাদের উপস্থিতিতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর কার্যকর হলে বাজারে অস্বাভাবিক চাপ তৈরি হবে। তারা বলেন, এই নীতিমালা চালু হলে ছোট দোকানদার থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী পর্যন্ত সবাই ক্ষতির মুখে পড়বে।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করেও কোনো অগ্রগতি হয়নি। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, “সমস্যার সমাধান করতে চাইলে আলোচনার টেবিলই যথেষ্ট ছিল। আমাদের কথা কেউ শুনল না। বাধ্য হয়েই আজ দেশের খুচরা বাজার বন্ধ রাখতে হয়েছে।”

ব্যবসায়ীরা আরও দাবি করেন, নতুন নিয়ম একটি বিশেষ মহলের সুবিধা নিশ্চিত করবে, ফলে সাধারণ ক্রেতাকে মোবাইল কিনতে অতিরিক্ত দাম গুনতে হবে।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে বৈধ আমদানিতে শুল্ক কমানো এবং প্রবাসীদের আনা ফোনে বিশেষ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। সরকারের পক্ষ বলছে, নতুন ব্যবস্থায় দেশে ব্যবহৃত প্রতিটি ফোন নেটওয়ার্কে যুক্ত হওয়ার আগে নিবন্ধন বাধ্যতামূলক হবে, যা অবৈধ সেট ব্যবহারের পথ বন্ধ করবে।

মতামত দিন