বিডিআর হত্যাকাণ্ড: আইজিপি বাহারুল আলম বরখাস্তের জন্য প্রধান উপদেষ্টাকে চিঠি।
২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের দায়ীদের মধ্যে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম থাকায় তাকে বরখাস্ত করার জন্য প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।
চিঠিতে বলা হয়েছে, দেশের ইতিহাসের এক দুঃখজনক অধ্যায় ২০০৯ সালের এই হত্যাকাণ্ড, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অসংখ্য সদস্য নিহত হন, এখনও জাতীয় বেদনা ও ন্যায়বিচারের প্রত্যাশার স্মৃতি হিসেবে বিদ্যমান। সম্প্রতি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম উল্লেখ হওয়ায় ন্যায়বিচার, জনআস্থা এবং বিচার প্রতিষ্ঠার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।
চিঠিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার নাম এমন একটি হত্যাকাণ্ড তদন্তে থাকার তথ্য অত্যন্ত সংবেদনশীল এবং তা রাষ্ট্রের ন্যায়বিচার ও জনবিশ্বাসের পথে বাধা তৈরি করতে পারে। সরকারের দায়িত্ব হলো আইন ও ন্যায়বিচার নিশ্চিত করা।
এ কারণে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে তিনটি প্রস্তাবনা করা হয়েছে—
১. তদন্ত প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম থাকায় তাকে অবিলম্বে পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হোক।
২. মামলার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা যাচাই করে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
৩. স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ নিশ্চিত করা হোক, যাতে জনগণ ন্যায়বিচারের বাস্তব প্রতিফলন অনুভব করতে পারে।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বরও সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন এবং অ্যাডভোকেট মো. আতিকুর রহমান—সরকারকে আইনি নোটিশ পাঠিয়ে একই দাবি করেছিলেন। নোটিশে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের সচিবদের নাম উল্লেখ করা হয়েছে।

মতামত দিন