আসন্ন জাতীয় নির্বাচন হবে দেশের জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা।
আগামী জাতীয় নির্বাচনকে দেশের জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “দেশে সবকিছুই আইনশৃঙ্খলার ওপর নির্ভরশীল।
শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ে সতর্ক করে উপদেষ্টা বলেন, “যেসব প্রার্থী হারার সম্ভাবনা রয়েছে, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি।” তিনি জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই বিষয়টি নিয়ে বৈঠক করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সতর্ক অবস্থানে আছে।
পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং নতুন সরকার গঠনের পর আমরা আমাদের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে পারব।”
এছাড়া তিনি দেশের বিদেশি কর্মসংস্থান হ্রাস বিষয়ে মন্তব্য করে বলেন, “যদি কোনো বিদেশি নিয়োগকর্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দিতে চান, আমরা তাদের প্রশিক্ষণ সুবিধা প্রদান করতে প্রস্তুত।”
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ জেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন