নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, সরকারের ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন ঘনিয়ে আসায় ভারী অস্ত্র উদ্ধারের অভিযান যেভাবে চলছে, তাতে সরকারের কোনও ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। নির্বাচনের আগে এসব কার্যক্রম আরও শক্তিশালী করা হয়েছে।
পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, জনগণের সেবা নিশ্চিতে আইনটি প্রণয়ন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীর কোনো মত বা আপত্তি থাকলে তা জানানোর সুযোগ রয়েছে। বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আলোচনায় যেতে অনাগ্রহ দেখান এবং বিষয়টি এড়িয়ে যান।
দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে মোট ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে তারা ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে কাজ করবে। একই সঙ্গে ভলান্টিয়ারদের জন্য বাড়তি সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় আছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
মতামত দিন