জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়।
সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৬ ডিসেম্বর) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি উপকেন্দ্র ও ফিডারে একযোগে সংরক্ষণ, মেরামত এবং গাছের ডাল অপসারণ কার্যক্রম পরিচালনা করবে বিদ্যুৎ বিভাগ।
বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর প্রকৌশলী মোহাম্মদ আরাফাত এবং বিভাগ-২-এর প্রকৌশলী আবদুর রাজ্জাক বৃহস্পতিবার দুপুরে জানান, আম্বরখানা উপকেন্দ্রের আওতায় থাকা ফিডারগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। একই দিনে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর, সেনপাড়া ও শিবগঞ্জ ফিডারের ট্রান্সফরমার মেরামত ও গাছের ডাল কাটার কাজও চলবে।
বিদ্যুৎ বিভাগ জানায়, আম্বরখানা উপকেন্দ্রের কারণে ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা পয়েন্ট, রায়হুসেন গলি, মজুমদারী, লেচুবাগান, পীর মহল্লা (পূর্ব-পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, দরগাহ গেইট, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরান লেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, পিটিআই, সুবিদবাজার, বনকলপাড়া, কলবাখানী, শাহী ঈদগাহ, হাজারীবাগ, টিবি গেইট, কাজীটুলা, মীরবক্সটুলা ও তাঁতিপাড়া—এসব এলাকায় সারাদিন বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া বালুচর–সেনপাড়া–শিবগঞ্জ ফিডারের কাজে শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আরামবাগ, আল-ইসলাহ, ছড়ারপাড়, ফোকাস, জোনাকী, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা, আলুরতল, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকাগুলোতেও একই সময়ে বিদ্যুৎ থাকবে না।
তবে কোনো এলাকায় কাজ নির্ধারিত সময়ের আগে শেষ করতে পারলে দ্রুত লাইন সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন