জাতীয়
ছবি: সংগৃহীত

কুমিল্লার তিতাসে ট্রাক্টর নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার তিতাসে গোসল করতে নেমে ভয়ংকর দুর্ঘটনার শিকার হলেন তিন নারী। নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক্টর সরাসরি নদীতে পড়ে গিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কড়িকান্দি–রাজাপুর সড়কের পাশেই তিতাস নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রিনা আক্তার (৩৫), রুজিনা আক্তার (৩০) এবং সামছুন নাহার (৪০)। তিনজনই আত্মীয়—রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা তাদের ভাগনের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে তারা তিনজন নদীতে গোসল করছিলেন। ঠিক সেই সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারের দিকে আসা একটি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে গিয়ে হঠাৎ উল্টে সরাসরি নদীতে পড়ে। ট্রাক্টরটি গিয়ে ঠিক তাদের ওপরই পড়ে। রিনা ও রুজিনা ঘটনাস্থলেই মারা যান। সামছুন নাহারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় একটি শিশুও আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, গোসল করতে যাওয়া তিন নারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। আহত শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন