জাতীয়
ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ব্র্যাক ব্যাংক শাখায় আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার চান্দিনা উপজেলার মধ্য বাজারে ব্র্যাক ব্যাংক পিএলসির শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে অফিস খোলার আগ মুহূর্তে এই আগুন ছড়িয়ে পড়ায় বুধবার (৩ ডিসেম্বর) পুরোদিন ব্যাংকের লেনদেন বন্ধ ছিল।

সকাল পৌঁনে ৮টার দিকে জয়নাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটির সার্ভার কক্ষ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চান্দিনা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টা টানা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।

আগুনে সার্ভার রুমের বেশ কিছু আইটি সরঞ্জাম, নেটওয়ার্ক কেবল ও বৈদ্যুতিক সংযোগ নষ্ট হয়। তবে ব্যাংকের মূল কার্যক্রম কক্ষ, লকার এবং গ্রাহকদের নথিপত্র অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম খান জানান, সার্ভার কক্ষের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ধোঁয়া সৃষ্টি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবে ধোঁয়া পরিষ্কার হতে সময় লাগায় লেনদেন সারাদিন বন্ধ রাখতে হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই এ ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব তদন্ত শেষে জানা যাবে।

ব্যাংক বন্ধ হয়ে পড়ায় সকালে গ্রাহকদের মাঝে ছিল স্পষ্ট ভোগান্তি। কেউ টাকা তুলতে, কেউ জমা দিতে এসে ফিরে যেতে বাধ্য হন।

মহিচাইল এলাকার গ্রাহক মহিন বলেন,
“বিকেলে টাকা দিতে হবে, তাই সকালে এসেছে। এসে দেখি তালা—আগুনের খবর শুনে আরও চিন্তায় পড়লাম, কোনো তথ্য নষ্ট হলো কিনা!”

গ্রাহক লাবনী আক্তার বলেন,
“জরুরি জমা দিতে এসেছিলাম। যদি আগে ব্যাংক বন্ধের খবর জানতাম, বের হতাম না।”

স্থানীয় ব্যবসায়ীরাও জানান, সপ্তাহের শেষের দিকে এমন ঘটনায় দোকানের দৈনিক লেনদেন পরিচালনায় সমস্যা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সার্ভার ও যন্ত্রপাতি ঠিক করা হলে শাখার কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হবে। গ্রাহকদের হিসাব, লকার ও গুরুত্বপূর্ণ নথি নিরাপদ রয়েছে বলে আশ্বস্ত করেছে তারা।

মতামত দিন