জাতীয়
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য মোবাইল আমদানিতে শুল্কহ্রাস ও বৈধ ব্যবহার সহজ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি যৌথ বৈঠকে মোবাইল ফোন আমদানি শুল্ক কমানো এবং প্রবাসীদের সুবিধা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।এই বৈঠক সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নতুন নিয়ম অনুযায়ী, প্রবাসীরা দেশে ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়াই। ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ব্যক্তিগত ফোনের পাশাপাশি আরও দুটি নতুন হ্যান্ডসেট আনতে পারবেন ফ্রিতে। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে। বিএমইটি কার্ড ছাড়া প্রবাসীরা একাধিক ফোন আনতে পারবেন না, তবে ব্যক্তিগত ব্যবহারের ফোনের সঙ্গে একটি ফোন ফ্রিতে আনা যাবে। এই ক্ষেত্রে ফোন ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখা আবশ্যক।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে, যা বাজারে ফোনের দাম হ্রাসে সাহায্য করবে। বর্তমানে শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক হ্রাসের সঙ্গে দেশের ১৩-১৪টি ফ্যাক্টরিতে উৎপাদিত ফোনের ভ্যাটও সমন্বয় করা হবে। এনবিআর ও বিটিআরসি ইতিমধ্যেই আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদনের শুল্ক নিয়ে সমন্বয় শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, কোনো ব্যক্তির নামে নিবন্ধিত সিম কারো দ্বারা অনধিকার ব্যবহার হচ্ছে কি না তা মনিটর করা জরুরি। অনলাইন স্ক্যামিং, মোবাইল ব্যাংকিং, জুয়া বা অন্যান্য সাইবার অপরাধে নিজের নামের সিম ব্যবহৃত হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। দেশে ক্লোন, চুরি/ছিনতাই করা এবং রিফারবিসড মোবাইল আমদানি বন্ধ করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ ডিসেম্বরের আগে বৈধ IMEI নম্বরসহ বিদেশি স্টক ফোনগুলো রেজিস্ট্রেশন দিয়ে বৈধকরণ করা যাবে। তবে ক্লোন ও রিফারবিসড ফোনের জন্য এই সুযোগ থাকবে না। এছাড়া NEIR ১৬ ডিসেম্বর থেকে চালু হবে। বৈধ IMEI ছাড়া হ্যান্ডসেট কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান ও স্থলবন্দরগুলোতে বিদেশ থেকে আসা ফ্লাইটগুলো মনিটর করা হবে এবং কাস্টমস তদারকি করবে। প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ মোবাইল সিম ও IMEI রেজিস্ট্রেশন ডেটার নিরাপত্তা নিশ্চিত করবে এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন