জয়পুরহাটে কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের ৩ জনের মৃত্যু।
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড়মাঝিপাড়া গ্রামে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। হঠাৎ এমন পারিবারিক বিপর্যয়ে স্থানীয়রা হতবাক।
পরিবারের মৃতরা হলেন—সালেহা বেগম (৬৫), তার মেয়ে বিলকিস বেগম (৩৮) এবং নাতি তুহিন হোসাইন (২৫)। তুহিন জয়পুরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিলকিস বেগম তার শাশুড়িকে ডায়রিয়ার কারণে হাসপাতালে দেখতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে ভর্তি হন। পরদিন একই উপসর্গে সালেহা বেগমকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে তুহিন আগেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার রাতে তুহিনের মৃত্যু হয়। পরদিন সকালেই তাকে দাফন করা হয়। কিন্তু সেই শোক কাটানোর আগেই দুপুরে হাসপাতালে সালেহা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর মাত্র আধাঘণ্টা পর মারা যান বিলকিস বেগমও।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এক পরিবারের তিনজনের মৃত্যুতে গ্রামে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
বিলকিসের স্বামী ছানোয়ার হোসেন জানান, তার মা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও স্ত্রী ও শাশুড়িকে বাঁচানো যায়নি। তিনি বলেন, “সময়ের ব্যবধানে তিনজন স্বজনকে হারালাম—এ ব্যথা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানান, মা–মেয়ের মৃত্যুর কারণ ডায়রিয়া নয়, শ্বাসকষ্ট। তারা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিলেন না বলেও তিনি নিশ্চিত করেন।

মতামত দিন