জাতীয়
ছবি: সংগৃহীত

নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বাড়ি পুড়ে ছাই, প্যারালাইজড বৃদ্ধের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ধ্যার দিকে লাগা ভয়াবহ আগুনে পুরো একটি গুচ্ছগ্রামের জীবন ওলটপালট হয়ে গেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে আকস্মিক এই অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়।

ধোঁয়ার ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৭২ বছর বয়সী রইচ উদ্দিন, যিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড অবস্থায় ছিলেন এবং বিছানা থেকে নড়াচড়া করতে পারতেন না।

ফায়ার সার্ভিসের নবাবগঞ্জ স্টেশন অফিসার আবু মুসার নেতৃত্বে কয়েকজন কর্মী দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকার নেয়। তিনি জানান, একমাত্র বের হতে না পারার কারণেই রইচ উদ্দিনের প্রাণহানি ঘটে। একই সঙ্গে আগুনে পুড়ে মারা গেছে ৭টি গরুও। তাদের প্রাথমিক ধারণা—বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং জরুরি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা দ্রুত শুরু করা হবে।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় রইচ উদ্দিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আগুনের উৎস ও অন্য কোনো কারণ জড়িত আছে কি না—তা যাচাইয়ে তদন্ত চলছে।

মতামত দিন