জাতীয়
ছবি: সংগৃহীত

ডাকসুর ভিপির সাইবার মামলা স্বাধীন মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে: ছাত্রদল।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের করা সাইবার মামলা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, এই মামলার মাধ্যমে অনলাইন মতপ্রকাশের ক্ষেত্র সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বহু বছর ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার অভ্যাস থেকে সাদিক কায়েম “বাকস্বাধীনতা দমনের স্বভাব” নিজের মধ্যে ধারণ করেছেন। তাদের দাবি, সাইবার আইনের অপব্যবহার করে যে মামলা করা হয়েছে, তা বিরোধী মতকে ভয় দেখানোর কৌশল ছাড়া আর কিছুই নয়।

ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, সাদিক কায়েম যে ফেসবুক পেজ ও আইডিগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তার কোনোটিই ফৌজদারি অপরাধের সংজ্ঞায় পড়ে না। বরং ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত অধ্যাদেশে যেভাবে মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে, সাদিক কায়েমের অভিযোগ সেই ধারার অপব্যবহারের উদাহরণ হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ডাকসুর মতো প্রতিনিধিত্বমূলক একটি পদের দায়িত্বে থেকেও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করা অত্যন্ত দুঃখজনক এবং নজিরবিহীন। ছাত্রদল নেতাদের দাবি, এই আচরণ ভিপি পদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এবং ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাদিক কায়েমকে দ্রুত মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অনলাইনে ‘অপপ্রচার’ ও নারী নেত্রীদের ওপর সাইবার বুলিংয়ের অভিযোগ এনে কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে মামলা করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

মতামত দিন