তারেকের জন্য ট্রাভেল পাস এখনও চাওয়া হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফিরতে এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তারেকের ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কোনো আনুষ্ঠানিক আবেদন জানানো হয়নি। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা পাঠানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে, তবে তা মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে হবে।
এদিন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা গ্রহণ করতে সক্ষম। তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়ে বলেন, সবার প্রার্থনার কারণে খালেদা জিয়া হয়তো সুস্থ হয়ে উঠবেন। তিনি সতর্ক করে বলেন, গুজব ও বিভ্রান্তিতে কান দেবেন না।
ডা. জাহিদ হোসেন বলেন, তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসক, হাসপাতাল ও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে। তবে বিদেশে নেওয়া যাবে কি না, তা মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউ-সমমানের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) আছেন।
মতামত দিন