জাতীয়
ছবি: সংগৃহীত

টঙ্গীতে শেষ হলো ৫ দিনব্যাপী তাবলীগ জামাত জোড় ইজতেমা।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে সোমবার শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা। শেষ আখেরি মোনাজাতে অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।

মোনাজাত সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। সমগ্র ময়দান ‘আমিন আমিন’ ধ্বনিতে কম্পিত হয় এবং দোয়ার সময় মুসল্লিদের মধ্যে কান্নার রোল ছড়িয়ে পড়ে। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা।

এবারের জোড়ে ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মুসল্লি অংশ নেন। অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, চাঁদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

জোড়ে মোট ৬ জন মুসল্লি মারা যান। মোনাজাত শেষে কয়েক হাজার চিল্লার জামাত এবং ৩ চিল্লার জামাত আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির জন্য আল্লাহর পথে রওনা হন। বাকি মুসল্লিরা নিজ নিজ মহল্লায় ফিরে যান।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক, আসন্ন জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

মতামত দিন