জাতীয়
ছবি: সংগৃহীত

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে ৫ জায়গায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরে সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম এবং একটি টিনশেড কলোনি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে প্রথম আগুন লেগেছে পূবাইল মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে। আগুন দ্রুত পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তিনটি গুদামের সব মালামাল ধ্বংস হয়ে যায়।

এরপর ভোরের ঘণ্টাগুলোতে কোনাবাড়ী থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুটের গোডাউনেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে গোডাউনের মালামাল পুরোপুরি ধ্বংস হয়।

সকাল ৯টার দিকে কালিয়াকৈর পৌরসভার চান্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত একটি টিনশেড কলোনিতেও আগুনের ঘটনা ঘটে। কলোনিতে থাকা ৮০টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানায়, অধিকাংশ বাসিন্দা সকালেই কাজে চলে গেছেন। এক কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিন রাত ২টার দিকে গাজীপুর সদর চান্দা চৌরাস্তা এলাকায় একটি দোকানঘরেও আগুন লাগে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন, পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে দেয়।

রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামে মুন্নী বেগমের বসতবাড়িতেও আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শ্রীপুর মডেল থানার এসআই মতিউর রহমান জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ চার থেকে পাঁচ লাখ টাকা হতে পারে। তবে স্থানীয়দের অভিযোগ, আগুন লাগিয়েছে বসতবাড়ির ছেলে। তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, ভোর থেকে শুরু হওয়া পাঁচটি আগুনের ঘটনাই নিয়ন্ত্রণে এসেছে। কোনোরকম হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কাজ করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছেন।

মতামত দিন