গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুট গোডাউনে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পূর্বপাড়া এলাকার পলাশ মিয়ার মালিকানাধীন ওই গোডাউনে আগুন দেখা দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় গাজীপুর চৌরাস্তা ও সারাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।
স্থানীয়দের অভিযোগ, এ এলাকায় গড়ে ওঠা বেশিরভাগ ঝুট গোডাউনই সম্পূর্ণ অপরিকল্পিত এবং ঝুঁকিপূর্ণ। অগ্নিনির্বাপণ সরঞ্জাম নেই, নিয়ম-নীতির কোনো অনুসরণ নেই—ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, মোট চারটি ইউনিট কাজ করেছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি আরও জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি।

মতামত দিন