জাতীয়
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সাথে কূটনৈতি সম্পর্ক অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত সরকার দণ্ডিত শেখ হাসিনাকে ফেরত না দিলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক থেমে যাওয়ার কোনো সুযোগ নেই। তার ভাষায়, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহু দিক থেকে জুড়ে আছে—একটি রাজনৈতিক ইস্যুর কারণে সেই সম্পর্ক ভেঙে পড়বে না।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত আলাপচারিতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়কার হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ খুবই আগ্রহী। তবে সেই দাবি অন্য কোনো দ্বিপাক্ষিক ইস্যুর সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়।

তিনি বলেন, তিস্তার পানি বণ্টন হোক কিংবা সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা—এই বিষয়গুলো বছরের পর বছর দুই দেশের আলোচনার অংশ। এগুলোর কোনোটা কারও প্রত্যর্পণের ওপর নির্ভরশীল নয়, বরং প্রতিটি বিষয় আলাদা বাস্তবতায় বিবেচিত।

উপদেষ্টা জানান, দেশের স্বার্থ রক্ষায় সরকার তার অবস্থানে অটল থাকবে। কত সময় লাগবে বলা কঠিন, তবে দণ্ডিত ব্যক্তিদের ফেরত আনার চেষ্টা অব্যাহত থাকবে বলেই তিনি বিশ্বাস করেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি ভারতে আছেন—এ তথ্য জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য বা আলোচনা হয়নি।

সীমান্ত হত্যার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, যুদ্ধাবস্থা না থাকা সত্ত্বেও ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষের মৃত্যুর ঘটনা পৃথিবীর এক অনন্য উদাহরণ। বাংলাদেশ এ ব্যাপারে বরাবরই প্রতিবাদ জানিয়ে আসছে।

তিনি আরও বলেন, অতীতে যে “উষ্ণ সম্পর্কের” কথা বলা হয়েছিল, তা ছিল মূলত দুই সরকারের নীতি-অবস্থান। জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক কখনোই সেই মাত্রায় পৌঁছায়নি। আর সেই তথাকথিত উষ্ণতার মধ্যেও সীমান্ত হত্যা, পানি বণ্টনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কোনো সমাধান হয়নি।

মতামত দিন