জাতীয়
ছবি: সংগৃহীত

সৌদি ফেরত প্রবাসীদের লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজ, ঘটেছে জেদ্দা বিমানবন্দরে:শাহজালালের পরিচালক।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রবাসী বাংলাদেশীদের লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হশাআবি) নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ নিশ্চিত করেছেন, এই ঘটনা জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে।

রোববার (৩০ নভেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি যাচাই করার পর দেখা গেছে,সৌদি প্রবাসীদের লাগেজে ছেঁড়া ও মালামাল খোয়ার ঘটনা হশাআবিতে নয়, বরং জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে।”

তিনি আরও জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে। “সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা পেলে যাত্রীদের খোয়া যাওয়া মালামাল ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে,” বলেও জানিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, যাত্রীরা ছেঁড়া লাগেজ হাতে রাগান্বিত হয়ে বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন। বিমানবন্দর সূত্র জানায়, এটি ঘটেছে ১৪ নভেম্বরের একটি ফ্লাইটে। ওই দিন ৭৮ জন বাংলাদেশি নাগরিক ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকায় আসেন। আগমনী এক নম্বর বেল্ট এলাকায় ব্যাগেজ সংগ্রহের সময় দেখা যায়—অধিকাংশ ব্যাগেই কাটাছেঁড়া হয়েছে এবং ভেতরের মালামাল অনুপস্থিত।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। হশাআবি কর্মকর্তা জানিয়েছেন,যাত্রীরা যাতে নিরাপদে ও দ্রুত তাদের মালামাল পেতে পারেন, সেজন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মতামত দিন