জাতীয়
ছবি: সংগৃহীত

৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না: বিআরটিএ।

নিজেস্ব প্রতিবেদক:

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নিয়ম অনুযায়ী ৬০ ঘণ্টার বাধ্যতামূলক ড্রাইভিং প্রশিক্ষণ ছাড়া আর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ রোববার (৩০ নভেম্বর) সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান।

তিনি বলেন, “উপদেষ্টার নির্দেশে দেশে এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক লাইসেন্স পাওয়ার জন্য ৬০ ঘণ্টার এই প্রশিক্ষণ বাধ্যতামূলক।”

চেয়ারম্যান আরও বলেন, “দেশে দুর্ঘটনার ৭৩ শতাংশ মোটরসাইকেল সম্পর্কিত। তাই নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে মানসম্মত বিআরটিএ অনুমোদিত হেলমেট ব্যবহার করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।

এদিনের অনুষ্ঠানে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। জানা যায়, প্রশিক্ষণ শেষে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেট প্রাপ্তির মাধ্যমে চালকরা সড়কে নিরাপদভাবে গাড়ি চালানোর সক্ষমতা  অর্জন করবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

এই নতুন ব্যবস্থা চালু হলে সড়কে দুর্ঘটনা কমানো এবং ড্রাইভিং শিক্ষার মান বৃদ্ধি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন