কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন হলমার্কের এমডি তানভীর মাহমুদ।
ঋণ জালিয়াতির মামলায় দণ্ড ভোগরত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ (৫৫) রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে ঢামেকে স্থানান্তর করা হয়। সেখানে ছয়তলার ৬০২ নম্বর কক্ষে ভর্তি রেখে কয়েক ঘণ্টা ধরে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এসব পুরোনো শারীরিক সমস্যার জটিলতাই মৃত্যুর কারণ বলে ধারণা চিকিৎসকদের।
প্রায় এক যুগ আগে করা একটি ঋণ জালিয়াতি মামলায় এই বছর ১৯ জুন বিশেষ জজ আদালত তানভীর মাহমুদ, তার স্ত্রী জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযোগ ছিল, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে ১০ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
২০১২ সালে সোনালী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় হলমার্ক গ্রুপকে ঘিরে যে আলোড়ন তৈরি হয়, সেই ১১টি মামলার কোনোটিতে তানভীর মাহমুদ কিংবা জেসমিন ইসলাম অভিযুক্ত ছিলেন না। তবে দুদকের দায়ের করা রমনা থানার আরেক মামলায় পরবর্তীতে তারা দণ্ডিত হন।

মতামত দিন