জাতীয়
ছবি: সংগৃহীত

লিবিয়ায় আটক ১৭৫ বাংলাদেশি ফিরছেন দেশে।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী সোমবার (১ ডিসেম্বর) লিবিয়ায় আটক থাকা আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে। এই উদ্যোগ গ্রহণ করেছে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) যৌথভাবে।

জানা গেছে, গত ২৬ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম)ও এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে তিনি অভিবাসীদের সতর্ক করেন, যে কেউ অবৈধ পথে বিদেশ যাত্রা করলে চরম ঝুঁকির মুখে পড়তে পারেন এবং মানবপাচারকারীদের দায়িত্বে শিকার হতে পারেন। তিনি তাদের স্মরণ করিয়ে দেন, “আপনারা আল্লাহর রহমতে সাগর থেকে জীবিত উদ্ধার হয়েছেন।”

রাষ্ট্রদূত আশ্বাস দেন, দূতাবাস তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হয়েছে এবং আইওএম-এর সহায়তায় ফেরত পাঠানোর প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। তিনি এটিও বলেন, দেশে ফিরে অভিবাসীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে অন্যদের সচেতন করবেন। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার গুরুত্বও উল্লেখ করেন।

পরিদর্শনের সময় দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও রাষ্ট্রদূত তাজুরা সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সাগর থেকে উদ্ধার ও মানবিক সহায়তার জন্য তাদের কৃতজ্ঞতা জানান।

মতামত দিন