জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসির ফলাফলের ভিত্তিতে বৃত্তি বরাদ্দের তালিকা প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মেধা ও সাধারণ বৃত্তির সংখ্যা কীভাবে বণ্টন হবে—তার কোটা চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সারা দেশে মেধাবৃত্তি পাচ্ছেন ১,১২৫ জন আর সাধারণ বৃত্তি পাচ্ছেন ৯,৩৭৫ জন

অধিদপ্তর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) একটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য বোর্ডগুলোকে জানিয়ে দেয়। তালিকাটি পাঠানো হয়েছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে।

মেধাবৃত্তির ক্ষেত্রে বোর্ডভেদে বরাদ্দ এমন—
ঢাকা ৪৬৫, রাজশাহী ১৭৯, চট্টগ্রাম ১০৮, দিনাজপুর ১১০, যশোর ১০৬, ময়মনসিংহ ৫০, কুমিল্লা ৪৯, বরিশাল ৩০ এবং সিলেট ২৮ জন।

অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে—
ঢাকা ৩,০৩২; দিনাজপুর ৯৫২; যশোর ৮৪০; চট্টগ্রাম ৮৩৯; কুমিল্লা ৭৪০; বরিশাল ৬০০; সিলেট ৫৬১; ময়মনসিংহ ৫৫৬ এবং রাজশাহী ১,২৫৫ জন শিক্ষার্থী এ সুবিধা পাবেন।

বৃত্তির আর্থিক সুবিধার ক্ষেত্রেও নির্দেশনা স্পষ্ট করা হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা এবং বছরে ১,৮০০ টাকা এককালীন অনুদান পাবেন। সাধারণ বৃত্তির শিক্ষার্থীরা মাসিক ৩৭৫ টাকা এবং বাৎসরিক ৭৫০ টাকা গ্রহণ করবেন। অর্থ আসবে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের নির্দিষ্ট খাত থেকে।

এবার ব্যাংক হিসাব সংক্রান্ত নিয়মও কড়াকড়িভাবে বেধে দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে অনলাইন সুবিধাসহ হিসাব খুলে জিটুপি/ইএফটি-র মাধ্যমে অর্থ গ্রহণ করতে হবে। উচ্চশ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যেই ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য তাদের প্রতিষ্ঠানে দিতে হবে।

বোর্ডগুলোকে জানানো হয়েছে—আগামী ৪ ডিসেম্বরের মধ্যেই বৃত্তির গেজেট প্রকাশ করে এর হার্ডকপি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। পাশাপাশি রোল ও রেজিস্ট্রেশনসহ তালিকাটি এক্সেল ও পিডিএফ আকারে ই-মেইলেও পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

মতামত দিন