মানুষের মধ্যে ছড়ালে করোনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে বার্ড ফ্লু।
নিজেস্ব প্রতিবেদক:
বিশ্বজুড়ে পাখি ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে থাকা বার্ড ফ্লু ভাইরাস যদি মানুষের মধ্যে সহজে ছড়ায়, তবে এটি করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের বিশেষজ্ঞ মেরি-অ্যান রামেক্স-ভেলতি সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছেন।
তিনি বলেন, মানুষের দেহে সাধারণ ফ্লু ভাইরাসের বিরুদ্ধে কিছুটা প্রতিরোধ থাকলেও এইচ৫ প্রজাতির বার্ড ফ্লুতে এমন কোনো রক্ষা নেই। যদি ভাইরাসটি পরিবর্তন হয়, তবে এটি শিশু, বৃদ্ধ ও সুস্থ মানুষদের জন্যও মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করতে পারে।
সাম্প্রতিক বছরগুলোতে সংক্রমণ রোধে কোটি কোটি পাখিকে নিধন করা হয়েছে, যা খাদ্য সরবরাহ ও বাজারে প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে এখনো এইচ৫ ধরনের ভাইরাস খামার ও গৃহপালিত পাখিতে ধরা পড়ছে। সম্প্রতি ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে এইচ৫এন৫ শনাক্ত হয়েছে, যিনি পরবর্তীতে মারা গেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০০৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় এক হাজার মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে এবং প্রায় অর্ধেকই প্রাণ হারিয়েছেন। তবে, মানুষ থেকে মানুষে দ্রুত ছড়ানোর সম্ভাবনা এখনো সীমিত। বিশেষজ্ঞদের মতে, যদিও ঝুঁকি আছে, তবে উন্নত টিকা ও দ্রুত প্রতিকারের মাধ্যমে বিশ্ব আগের চেয়ে প্রস্তুত।
সূত্র : রয়টার্স
মতামত দিন