বিদেশে থাকা বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে ৭০ হাজার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে ভোট দেওয়ার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের নিবন্ধন দারুণভাবে বাড়ছে।শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসি–র তথ্য অনুযায়ী, দেশভেদে নিবন্ধনে যুক্তরাষ্ট্র শীর্ষে—এখানে নিবন্ধন করেছেন ১৪ হাজার ২৩৬ জন। এরপর দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন প্রবাসী।
প্রবাসীদের জন্য প্রথমবার চালু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন সাময়িকভাবে বন্ধ ছিল। নির্বাচন কমিশনের আশা—আজকের মধ্যেই এসব দেশে পুনরায় নিবন্ধন চালু হবে।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, স্থগিত থাকা সাতটি দেশের নিবন্ধন ফিরিয়ে আনার কাজ চলছে। কমিশন ইতোমধ্যে অ্যাপটিকে বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত করেছে। ২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যেকোনো দেশ থেকেই যে কেউ নিবন্ধন করতে পারবেন।
ইসি–র সিনিয়র সচিব আখতার আহমদ বলেন, শুরুতে প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিনের নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। পরে সেই সীমা তুলে নেওয়া হয়েছে। এখন ১৮ ডিসেম্বর পর্যন্ত কোনো বাধা ছাড়াই যেকোনো সময় নিবন্ধন করা যাবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়। ডাকযোগে ভোট দিতে চাইলে প্রবাসীদের অবশ্যই ভোট দেওয়া দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। অ্যাপে প্রবেশ করে ভাষা বাছাই থেকে শুরু করে প্রয়োজনীয় নথি আপলোড ও সঠিক ঠিকানা প্রদান—সব নির্দেশনা ধাপে ধাপে পাওয়া যাবে, যাতে বিদেশে ব্যালট পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা যায়।

মতামত দিন