জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনের আগে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকাল পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ভোটকেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তিন ভাগে বিভক্ত করা হবে—কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, চেকপোস্ট, এবং সেন্ট্রাল রিজার্ভ। প্রথম দিন থেকেই আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সচিব আরও বলেন, সুষ্ঠু ও সুন্দর ভোট অনুষ্ঠানের নিশ্চয়তার জন্য নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছে। কোন ব্যত্যয় ঘটলে দায়বদ্ধতা থাকবে। এছাড়া, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

তাঁর মতে, অপতথ্য প্রতিরোধ এবং ভোট সংক্রান্ত ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, এবং এখনও উদ্ধার হয়নি এমন অস্ত্র দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসীদের ওপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সচিব বলেন, রাজনৈতিক দলের কোনো নেতা বা প্রার্থীর কাছ থেকে সুবিধা গ্রহণ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। এ নির্দেশনাও স্পষ্টভাবে দেওয়া হয়েছে।

বৈঠকটি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিএমপি কমিশনার, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র‍্যাব ও স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি ও মহাপরিচালক। বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

মতামত দিন