জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠকে ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা আর বেশি দেরি নেই।এর আগেই আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আবারও বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকটি শুরু হয়। কমিশনের চার নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব ও বিভিন্ন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন।

ইসি সূত্র বলছে, সভায় মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে, ভোটের আগে-পরে কোন সময়সীমায় কতদিন বাহিনী মোতায়েন থাকবে—সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা  দেওয়ার প্রস্তুতি নিয়েছে কমিশন। একই সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে কতজন সদস্য দায়িত্বে থাকবে, সেটিও নির্ধারণ হতে পারে।

এর আগে গত ২০ অক্টোবর অনুষ্ঠিত প্রথম প্রস্তুতিমূলক বৈঠকে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিয়ে প্রাথমিক মতামত নেওয়া হয়েছিল। সেই আলোচনায় ভোটের আগে ও পরে মিলিয়ে মোট আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব ওঠে। চলতি প্রস্তুতিতে ধারণা করা যাচ্ছে, প্রতিটি কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন পর্যন্ত নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হতে পারে।

মতামত দিন