কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে গভীর শোক ও সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টা ইউনূসের।
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারো মানুষের জীবন ও জীবিকা মুহূর্তেই ছাই হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, হঠাৎ এই অগ্নিকাণ্ডে যে পরিবারগুলো রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুর্দশা আমাদের সবার হৃদয়কে নাড়া দিয়েছে। তিনি আহতদের দ্রুত সেরে ওঠার কামনা করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতিটি পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।
ইউনূস জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তা পৌঁছে দিতে এবং আগুনে ঘরহারা মানুষদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, অগ্নিকাণ্ডের উৎস ও বিস্তারের কারণ সঠিকভাবে খতিয়ে দেখতে একটি তদন্ত প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।
মতামত দিন