৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের বাধা।
নিজেস্ব প্রতিবেদক:
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা জাতীয় শহীদ মিনার থেকে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে মিছিল শুরু করলে মাঝপথেই পুলিশ তাদের থামিয়ে দেয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পথ রুদ্ধ করে দেয়।
বাধা পেয়ে শিক্ষার্থীরা সেখানেই বসে পড়েন এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিযোগ, এর আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় মিললেও এবার তা অস্বাভাবিকভাবে কমিয়ে আনা হয়েছে। দুই মাসেরও কম সময়ের মধ্যে বৃহৎ সিলেবাস শেষ করা সম্ভব নয় বলে দাবি করছেন তারা। পরীক্ষার তারিখ পিছিয়ে দিয়ে যুক্তিসংগত সময় দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
তাদের বক্তব্য, ২৭ নভেম্বরের আগে যদি পিএসসি পরীক্ষা-সংশ্লিষ্ট সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে, তাহলে তারা আরও বড় পরিসরে আন্দোলন করবেন। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের ‘স্বেচ্ছাচারী’ মনোভাবের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগের দাবিও উঠে আসে তাদের স্লোগানে।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ২৭ নভেম্বর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ—সব বিভাগীয় শহরেই একই দিনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। কারিগরি ও পেশাগত ক্যাডারের পরীক্ষাগুলো চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন আবেদনকারী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন। ফল প্রকাশিত হয় ২৮ সেপ্টেম্বর।

মতামত দিন