জাতীয়
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। সংস্থাটির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে ২৭ নভেম্বর থেকে এবং ধাপে ধাপে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (২৪ নভেম্বর) পরীক্ষার নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আট বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে। তবে কিছু নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা শুধুমাত্র ঢাকায় আয়োজন করা হবে।

পরীক্ষায় অংশ নিতে হলে এবার বাড়তি সতর্কতা মানতে হবে প্রার্থীদের। কেন্দ্রের ভেতরে প্রবেশের আগে সবাইকে মেটাল ডিটেক্টরে তল্লাশি করা হবে এবং প্রবেশপত্র যাচাই করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকক্ষে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে প্রার্থিতা বাতিলের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় গত ২৯ সেপ্টেম্বর। সেই পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী এবার লিখিত পর্বে অংশ নেবেন। পূর্ণাঙ্গ লিখিত সূচি প্রকাশের পর থেকে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে বেশ কয়েক দফা আন্দোলনে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা। তবে নির্ধারিত সময়েই  পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছে পিএসসি।

মতামত দিন