জাতীয়
ছবি: সংগৃহীত

মেট্রোরেল কার্ডে অনলাইন রিচার্জ চালু, লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মেট্রোরেলে র‌্যাপিড ও এমআরটি পাস কার্ড রিচার্জ এখন থেকে ঘরে বসেই করা যাবে। ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে কার্ডে টাকা যোগ করার সুযোগ চালু হয়েছে।

ফলে রিচার্জের জন্য স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকছে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁও স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন রিচার্জ ব্যবস্থার উদ্বোধন করে ডিএমটিসিএল ও ডিটিসিএ। ‘লাইন নয়, অনলাইন’—এ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানায়, যাত্রী ভোগান্তি কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, দীর্ঘদিন ধরে স্টেশনে রিচার্জের ভিড় যাত্রীদের জন্য ভোগান্তি তৈরি করছিল। অনেকে অভিযোগও তুলছিলেন। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষারই অবসান হলো। নতুন ব্যবস্থা গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করবে বলেও তিনি মনে করেন।

তিনি জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনে রিচার্জ যাচাইয়ের জন্য দু’টি করে মেশিন বসানো হয়েছে। যাত্রীরা বাড়ি থেকেই অনলাইনে টাকা লোড করে স্টেশনে এসে কার্ড ট্যাপ করলেই রিচার্জ সম্পন্ন দেখাবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন,যাত্রী সেবা সহজ করা এখন মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার। ডিএমটিসিএল দেশের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। টিকিট কেনা থেকে যাত্রা পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করাই তাদের দায়িত্ব।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান,বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

মতামত দিন