মেট্রোরেল কার্ড রিচার্জে নতুন ব্যবস্থা:ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ।
মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের জন্য রিচার্জ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে। স্টেশন কাউন্টারে দাঁড়িয়ে র্যাপিড পাস বা এমআরটি কার্ডে টাকা যোগ করার ঝামেলা আর থাকছে না।
আগারগাঁও মেট্রোস্টেশনে সকাল পৌনে ১১টায় এ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
নতুন ব্যবস্থার ফলে মোবাইল ব্যাংকিং—বিকাশ, নগদ, রকেট—এবং ব্যাংকের ক্রেডিট কার্ডসহ প্রায় সব অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে কার্ড রিচার্জ করা যাবে। ঘরে বসে কার্ডে টাকা যোগ করতে ডিটিসিএ নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর ‘র্যাপিড পাস’ বা ‘এমআরটি পাস’ বেছে নিয়ে পেমেন্ট সম্পন্ন করলেই হবে।
তবে টাকা পরিশোধের পর তা সঙ্গে সঙ্গে কার্ডে যুক্ত হবে না। স্টেশনগুলোর নতুন এভিএম (অটোমেটিক ভ্যালিডেশন মেশিন)–এ কার্ড স্পর্শ করলেই রিচার্জ কার্যকর হবে। ডিটিসিএ সূত্র জানিয়েছে, মোট ৩২টি এভিএম যন্ত্র উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে স্থাপনের কাজ ২১–২২ নভেম্বরের মধ্যে শেষ হবে।
অনলাইনে দেওয়া টাকা তিন মাস পর্যন্ত ‘ওয়েটিং’ অবস্থায় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ড এভিএম যন্ত্রে আপডেট না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে—তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে। চাইলে সাত দিনের মধ্যে গ্রাহক নিজের উদ্যোগেও রিচার্জ বাতিল করতে পারবেন, সেক্ষেত্রেও একই চার্জ প্রযোজ্য।
এখন পর্যন্ত মেট্রোরেলের মোট যাত্রীদের প্রায় ৫৫ শতাংশ র্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করেন, যাত্রাপ্রতি ১০ শতাংশ ছাড় পাওয়ার সুবিধায়। বাকি ৪৫ শতাংশ নেন একক যাত্রার টিকিট।
বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ লাখ মানুষ মেট্রোরেলে যাতায়াত করেন। সময়সূচি সংশোধনের পর উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৩০ মিনিটে এবং রাত ৯টা ৩০ মিনিটে শেষ ট্রেন। অপরদিকে মতিঝিল থেকে প্রথম রেল সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলে।
আগামী মাসে ট্রেনের মধ্যবর্তী বিরতি দুই মিনিট কমানোর পরিকল্পনা রয়েছে। এতে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখের ঘর পেরিয়ে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন