আগামী রোববারের মধ্যেই প্রকাশ করা হবে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানাচ্ছে, বহুল প্রতীক্ষিত ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী রোববারের মধ্যেই প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সোমবার (২৪ নভেম্বর) এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নভেম্বরের শুরুতেই বিজ্ঞপ্তি দেয়ার পরিকল্পনা থাকলেও ৪৮তম ও ৪৯তম বিশেষ বিসিএস দ্রুত আয়োজনের কারণে সময়সূচিতে পরিবর্তন আসে। তবে এখন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তার ভাষায়—“বৃহস্পতিবার বা রবিবার—যে কোনো একদিন বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব। তবুও আমরা রোববার প্রকাশের বিষয়ে নিশ্চিত।”
পিএসসি সূত্র জানিয়েছে, ৫০তম বিসিএসের মাধ্যমে মোট ১,৭৬০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে নন-ক্যাডার পদের সংখ্যা এখনও নির্ধারিত হয়নি। বিজ্ঞপ্তিতে যেটি উল্লেখ থাকবে, পরে প্রয়োজনে সেই সংখ্যা বাড়ানো হতে পারে।
এর আগে পিএসসি আবেদন প্রক্রিয়া, বয়সসীমা ও মৌখিক পরীক্ষার নম্বর সংক্রান্ত বেশ কয়েকটি পরিবর্তন আনে। গত ১১ ডিসেম্বর প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী—
-
সাধারণ প্রার্থীর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।
-
ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের ফি ১০০ থেকে কমিয়ে ৫০ টাকা।
-
সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
পিএসসির তথ্য অনুযায়ী, সর্বশেষ ৪৭তম সাধারণ বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন। সেখানে ক্যাডার শূন্যপদ ছিল ৩,৪৮৭টি, আর নন-ক্যাডার পদ ২০১টি।
মতামত দিন