জাতীয়
ছবি: সংগৃহীত

হাসিনাকে ফেরাতে অবশেষে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠালো ঢাকা।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলার রায়ের পর ভারতের কাছে দুই বাংলাদেশির প্রত্যর্পণ চেয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে—এমন দাবি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই তথ্য তুলে ধরেন।

তৌহিদ হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ভারত সরকারকে অবহিত করতে শুক্রবার (২১ নভেম্বর) একটি নথি পাঠানো হয়েছে। তার ভাষায়, চিঠিটি সরাসরি দিল্লির সংশ্লিষ্ট দপ্তরে দুই দিন আগে প্রেরিত হয়েছে।

তবে ভারতীয় হাইকমিশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত তারা কোনো ধরনের আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের কপি পাননি।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলোচিত মামলাটির রায় ঘোষণা করে। তিন আসামির মধ্যে দুজনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের জন্য কঠোর দণ্ডাদেশ দেওয়া হয় বলে ট্রাইব্যুনাল সেদিন জানায়। মামলার আরেক অভিযুক্ত সাবেক আইজিপি বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করায় তুলনামূলক কম মেয়াদের সাজা পান।

রায় ঘোষণার পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন ইঙ্গিত দিয়েছিলেন, রায় কার্যকরের পর দ্রুতই প্রতিবেশী দেশকে চিঠি পাঠানো হবে।

মতামত দিন