জাতীয়
ছবি: সংগৃহীত

ভূমিকম্পের পর সতর্কতা: ৪৮ ঘণ্টার জন্য তেল–গ্যাস কূপের খনন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

টানা দুই দিনে চার দফা ভূমিকম্পে কেঁপে ওঠার পর তেল ও গ্যাস কূপে চলমান খনন কার্যক্রম সাময়িকভাবে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগামী ৪৮ ঘণ্টা কোনো ধরনের অনুসন্ধান বা ড্রিলিং কার্যক্রম চলবে না।

তবে এতে গ্যাসের সরবরাহে কোনো বিঘ্ন হবে না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দপ্তর।

রোববার (২৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জরুরি এই নির্দেশনা দেন। তিনি জানান, স্বল্প ব্যবধানে একাধিক ভূমিকম্প হওয়ায় কূপের ভেতরের চাপ, কম্পন ও যান্ত্রিক কার্যক্রম যেন অতিরিক্ত ঝুঁকি তৈরি না করে—সে বিষয়টি বিবেচনা করেই সাময়িক স্থগিতের সিদ্ধান্ত।

পেট্রোবাংলার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নির্দেশনার আলোকে আজ থেকেই অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং এটি চলবে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত। তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে যদি নতুন কোনো ভূমিকম্প অনুভূত হয়, তাহলে খনন বন্ধের সময়সীমা বাড়ানোর বিষয়েও পুনর্বিবেচনা করা হবে।

মতামত দিন