জাতীয়
ছবি: সংগৃহীত

ভূমিকম্পজনিত পরিস্থিতিতে ঢাবি বন্ধ,হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছেন। প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর পর অনেকে ইতোমধ্যে বেরিয়ে গেছেন।

টানা কয়েক দফা ভূমিকম্পে উদ্ভূত ঝুঁকি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সব হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে অনেকেই প্রয়োজনীয় বলে মনে করলেও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ বলছেন, ভূমিকম্পের আতঙ্কে হল খালি করা যুক্তিযুক্ত হলেও আবাসন সংকটের স্থায়ী সমাধান ছাড়া শিক্ষার্থীদের বারবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

অন্যদিকে শনিবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। আকস্মিকভাবে ১৫ দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণায় তারা রাতভর প্রতিবাদ জানিয়ে নিরাপদ ও টেকসই আবাসনের দাবি তোলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, রোববার বিকেল ৫টার মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। এরপর হলগুলোর সংস্কার ও নিরাপত্তা মূল্যায়নের কাজ চলবে। জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস ও পরীক্ষা স্থগিত করা ছাড়াও সব আবাসিক হল সাময়িকভাবে খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন