জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩ জন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন রোগী।

শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের বিভাগগুলোতেও রোগীর সংখ্যা চোখে পড়ার মতো—বরিশালে ৯০ জন, চট্টগ্রামে ৯৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৮৮ জন এবং খুলনা বিভাগে ২৯ জন নতুনভাবে চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৫৬ জন। মৃত্যুর তালিকায় ১৮৬ জন পুরুষ এবং ১৭০ জন নারী।
এদিকে বছরজুড়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৪৮৬।

বিশেষজ্ঞরা বলছেন, ধারাবাহিক আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে—শীতের শুরুতেও ডেঙ্গুর দাপট কমেনি। সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বানও জানাচ্ছেন তারা।

মতামত দিন