বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ১৫০ মণ ইলিশ,বিক্রি ৪০ লাখ টাকায়।
জানা গেছে, প্রতি মণ ২৭ হাজার টাকা দরে মোট ৪০ লাখ ৫০ হাজার টাকায় মাছগুলো নিলামে বিক্রি হয়েছে। এফবি সাফওয়ান-৩ নামের ট্রলারটি ২৯ অক্টোবর ১৯ জন জেলে নিয়ে সাগরে যায়। কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলতেই এক টানে ধরা পড়ে বিপুল পরিমাণ ইলিশ।
ট্রলারের মাঝি রুবেল জানান, “জাল তুলতেই দেখি ইলিশে ভরে গেছে। তিনটি কল পুরোপুরি ভর্তি হয়ে যায়। এমনকি জাল কেটে দিয়েও ফিরতে হয়েছে।”
ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, “অনেক দিন ধরেই সাগরে মাছ কম পাওয়া যাচ্ছিল। এই ট্রিপে ভালো মাছ পাওয়ায় আগের লোকসানের কিছুটা পুষিয়ে নিতে পারব।”
আড়তদার মোস্তফা আলম বলেন, “সাগরে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা এখন ভালো মাছ পাচ্ছেন। এত পরিমাণ ইলিশ পাওয়া সত্যিই আশাব্যঞ্জক।”
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “২২ দিনের অবরোধ শেষে জেলেরা সাগরে গিয়েই এমন মাছ পেয়েছে, এটা খুবই আনন্দের খবর। অনেকদিন পর বিএফডিসিতে এতো বড় আকারের ইলিশের চালান এসেছে।”

মতামত দিন