রাজবাড়ীতে পদ্মা নদীর ২৫ কেজির কাতল মাছ বিক্রি হলো ৫০ হাজার টাকায়।
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ধরা পড়া ২৫ কেজি ওজনের কাতল মাছ এক রেকর্ড দামে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ এই কাতল মাছ ক্রয় করেন এবং পরবর্তীতে ৫০ হাজার টাকায় বিক্রি করেন।
মাছটি ধরা পড়ে ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায়। জেলে কালিপদ হালদার ও তার সঙ্গীরা নৌকা নিয়ে রাতভর জাল বিছিয়ে ছিলেন। রাতভর ছোট মাছ ধরা পড়লেও বড় কোনো মাছ নৌকায় ওঠেনি। শেষ পর্যন্ত ভোর সাড়ে চারটার দিকে তাদের জালে বিশাল আকারের কাতল মাছ ধরা পড়ে।
জেলেরা মাছটি ধরার পর সকালে তা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মোহন মন্ডলের মাছের আড়তে নিয়ে যান। সেখানে কাতলটি ওজন করা হয় এবং প্রাথমিক নিলামে শাজাহান শেখের কাছে প্রতি কেজি ১,৮০০ টাকায় বিক্রি করা হয়। এরপর মাছটি আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ফেরিঘাটের পানিতে ভাসিয়ে রাখা হয়।
পরে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে শাজাহান রাঙ্গামাটির জেলা শহরে বসবাসরত এক ইতালিপ্রবাসীর কাছে কাতল মাছটি বিক্রি করেন ৫০ হাজার টাকায়। শাজাহান জানান, এই ধরনের বড় কাতল মাছ ধরা খুবই বিরল ঘটনা, তাই ক্রেতার আগ্রহও তেমনি বেশি ছিল।

মতামত দিন