সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তনের প্রস্তাব।
নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশন। এছাড়া বছরে ১০ শতাংশ বেতন বৃদ্ধি, পূর্ণ পেনশন সুবিধা এবং আনুতোষিক বৃদ্ধিসহ মোট ১৫টি প্রস্তাব পে-কমিশনের কাছে দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়। ইউজিসির জনসংযোগ পরিচালক ড. শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ড. মো. মহিবুল আহসান এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তাব অনুযায়ী, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরতদের জন্য বাড়ি ভাড়া মূল বেতনের ৭৫ শতাংশ, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ৬০ শতাংশ এবং অন্যান্য অঞ্চলে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
চাকরিজীবীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ৫ হাজার এবং অবসরপ্রাপ্তদের জন্য ৭ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সমন্বিত স্বাস্থ্য বীমা চালুর প্রস্তাবও উল্লেখ করা হয়েছে।
পরিবহন সুবিধা হিসেবে ১১-২০ গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক ২ হাজার টাকা ভাতা প্রদানের প্রস্তাব এসেছে। প্রশাসন ক্যাডার, জুডিশিয়াল সার্ভিস, নির্বাচন কমিশন, লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৫ম গ্রেডের কর্মকর্তাদের জন্য গাড়ি ক্রয় ও রক্ষণাবেক্ষণে সুদমুক্ত ঋণসহ ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষা সহায়ক ভাতা সন্তানের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য ৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য আপ্যায়ন ভাতা ও গৃহপরিচারক ভাতা চালুর প্রস্তাব এসেছে।
প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যমান পেনশন সুবিধা ২১-৯০ শতাংশ থেকে ৪০-১০০ শতাংশ, আনুতোষিক বৃদ্ধি ২৬৫/২৬০/২৪৫/২৩৫ থেকে ৩৩০/৩২০/৩১০/৩০০ করা এবং বিনোদন ছুটি ৩ বছরের পরিবর্তে ২ বছর করার প্রস্তাব। বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ, রেশন সুবিধা, এককালীন পেনশন সুবিধা এবং করমুক্ত আয়সীমা বৃদ্ধির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

মতামত দিন