কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি পক্ষপাত বা দুর্বলতা দেখানো যাবে না: ডিএমপি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ সদস্যদের শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি পক্ষপাত বা দুর্বলতা দেখানো যাবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন।
সাজ্জাত আলী বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এবার যেন তারা নির্বিঘ্নে সেই অধিকার প্রয়োগ করতে পারে—এ দায়িত্ব পুলিশের।
তিনি আরও বলেন, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের দায় কেউ এড়িয়ে যেতে পারে না; সে ঘটনায় যারা জড়িত, তাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশকে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ভূমিকা রাখতে হবে।
বেআইনি সমাবেশ বা সহিংস কর্মকাণ্ড দমনে সতর্কতার পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার বলেন, “জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় এমন কোনো আচরণ করা যাবে না। ভুল বোঝাবুঝি বা সংঘাতের সুযোগ সৃষ্টি করা ঠিক নয়।”
সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন কমিশনার। তিনি আশ্বাস দেন—দায়িত্ব পালনের সময় কেউ আহত হলে তার চিকিৎসার পূর্ণ ব্যয়ভার বহন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি তিনি সবাইকে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতন থাকতে অনুরোধ করেন।
অধস্তনদের প্রতি সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিয়ে কমিশনার বলেন, “একজন ভালো কর্মকর্তা হতে হলে মানবিক হতে হবে।”
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার জানান, থানায় আগত সেবা প্রত্যাশীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে ডিউটি অফিসারদের কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস. এন. মো. নজরুল ইসলাম জানান,ডিএমপির অধীন অনেক থানা ও ফাঁড়ির জরাজীর্ণ ভবন সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচনী সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক কর্মসূচি বাড়বে—সে সময়ে দায়িত্ব পালনে পুলিশকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

মতামত দিন