ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’।
রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত গেজেটে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।
ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, সংবিধানের ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা ও ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর ধারা অনুযায়ী ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীকটি সংযোজন করা হয়েছে। এর পাশাপাশি আরও দুটি নতুন প্রতীক যুক্ত হওয়ায় এখন মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯টি। এর মধ্যে ৫৩টি প্রতীক নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য নির্ধারিত, বাকিগুলো নতুন নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।
গত জুনে নিবন্ধনের আবেদনের সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’—এই তিনটি প্রতীক প্রস্তাব করেছিল। পরবর্তীতে দলটি এককভাবে ‘শাপলা’ প্রতীকেই অনড় থাকে। তবে জুলাইয়ে ইসি প্রতীক সংকটের কারণে ৪৬টি নতুন প্রতীক যোগ করে ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে পাঠায়, যেখানে ‘শাপলা’ স্থান পায়নি।
এরপর থেকেই বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে টানাপোড়েনে জড়িয়ে পড়ে এনসিপি। দলটি বারবার আবেদন ও চিঠি পাঠালেও কমিশন জানায়—বিধিমালায় নির্ধারিত তালিকা থেকেই প্রতীক বেছে নিতে হবে। ইসি সতর্ক করে বলেছিল, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিক্রিয়া না এলে কমিশন নিজস্ব সিদ্ধান্তে প্রতীক নির্ধারণ করবে।
এনসিপি শেষ পর্যন্ত ১৯ অক্টোবর পর্যন্ত সময় পেলেও তাদের অবস্থান অপরিবর্তিত ছিল—‘শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নয়’। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ প্রতীক,যা এনসিপির দাবিকৃত প্রতীকের সঙ্গে ঘনিষ্ঠ হলেও সম্পূর্ণ আলাদা।
অন্যদিকে, এর আগেও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ‘শাপলা’ প্রতীক চেয়ে আবেদন করেছিল, কিন্তু তাদের অনুরোধও নাকচ করে দিয়েছিল কমিশন।
মতামত দিন