জাতীয়
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৮ জনে।

একই সময়ে নতুন করে ৯২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুইজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী; বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে।

গত এক দিনে রাজধানী ঢাকায় ৫৩৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৩৮৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৩ জন, দক্ষিণ সিটিতে ১৪২ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৯৪ জন।

এছাড়া বিভাগভিত্তিক হিসেবে বরিশালে ১২০ জন, চট্টগ্রামে ৮৮ জন, খুলনায় ৪৬ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৬৩ জন, রংপুরে ১৩ জন এবং সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ২৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বাধিক মৃত্যু ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়—১৩৪ জন।

এছাড়া ঢাকা উত্তরে ৪১ জন, বরিশালে ৪০ জন, চট্টগ্রামে ২৫ জন, ময়মনসিংহে ১২ জন, রাজশাহীতে ১৪ জন, খুলনায় ৮ জন, ঢাকার বাইরের বিভাগীয় এলাকায় ৩ জন এবং সিলেটে একজন ডেঙ্গু রোগে প্রাণ হারিয়েছেন।

মতামত দিন