খাগড়াছড়ি বাজারে আগুন,ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
খাগড়াছড়ি বাজারের পান বাজার গলিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে আগুন লেগে কিছু ব্যবসায়ীর গুদান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত অভিযান এবং পর্যাপ্ত পানি সরবরাহের কারণে আশেপাশের প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আগুনের ঘটনা দেখতে পেয়ে জনসাধারণ দ্রুত ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে তারা ইউনিলিভার গ্রুপের একটি গোডাউন, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি গোডাউন এবং শাহজালাল স্টোরের মুদি মালামালের গুদান পুড়ে যাওয়া রোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, “গুদানগুলো বন্ধ ছিল। হঠাৎ আগুন দেখা দেয়। ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দেরি হলে আশেপাশের আরও অনেক দোকান এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারত।”
ক্ষতিগ্রস্ত শাহজালাল স্টোরের মালিক জাফর আলম জানান, “আমার গোডানে প্রায় ৭-৮ লাখ টাকার মুদি মালামাল ছিল, যা আগুনে পুরোপুরি পুড়ে গেছে।” অন্যদিকে, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা আনিসুল ইসলাম অনিক বলেন, “সকালে প্রায় ১২ লাখ টাকার পণ্য গুদানে এসেছে। এর আগে আরও ৫-৭ লাখ টাকার মালামাল মজুদ ছিল। পণ্যের মধ্যে সানলাইট ব্যাটারি, গ্যাস লাইটারসহ বিভিন্ন পণ্য ছিল।”
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. নূরের নবী বলেন, “খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”
মতামত দিন