দেশে সারের কোনো ঘাটতি নেই, তাই দামও বাড়বে না: কৃষি উপদেষ্টা।
দেশে সারসংক্রান্ত কোনো ঘাটতি নেই এবং বাজারে সার স্বাভাবিক মূল্যে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রনালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ বছর আমনের ফসলের উৎপাদন ভালো হয়েছে এবং কৃষকরা তাদের ফসল থেকে যথাযথ মূল্য পাচ্ছেন। এ ছাড়া শীতকালীন সবজি বাজারে ধাপে ধাপে আসছে।
জাহাঙ্গীর আলম জানান, সরকার আগামী ২৫ বছরের খাদ্যশস্য পরিকল্পনা প্রণয়নের কাজ করছে।এ উদ্দেশ্যে কৃষি জমি সুরক্ষার জন্য একটি বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ দেশে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমির হ্রাসের ফলে উৎপাদনশীল জমি রক্ষা করা প্রয়োজন।
কৃষি উপদেষ্টা আরও জানান, সারের ডিলারদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও নীতিমালা প্রণয়নের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে লাইসেন্স প্রদানের কাজ চলছে। যারা যোগ্য তারা লাইসেন্স পাবেন; কোনো রাজনৈতিক প্রভাবের কারণে সারের ডিলারশিপের অনুমতি দেওয়া হবে না।

মতামত দিন