র্যাগিংয়ের অভিযোগে পবিপ্রবির ৩ কৃষি শিক্ষার্থীকে বহিষ্কার।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের তিন শিক্ষার্থীকে র্যাগিং ও অনৈতিক আচরণের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, শহীদ জিয়াউর রহমান হলে-১ এ, যেখানে প্রথম সেমিস্টারের কিছু শিক্ষার্থীকে লক্ষ্য করে র্যাগিং করা হয়।
তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ৪১তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর ৯ অক্টোবরের সভা শেষে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রেজিস্ট্রার দপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, চতুর্থ সেমিস্টারের ফারহান ইসরাক খান র্যাগিংয়ের পরিকল্পনা ও নেতৃত্ব প্রদানের দায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন। একই ঘটনায় নাফিউল আলম নাহিদ ও ফারিয়া আক্তার নাতাশা এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছেন। ফারিয়া নাতাশাকে মূল উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং মিথ্যা টিজিংয়ের মাধ্যমে র্যাগিং প্ররোচনা দেওয়ার জন্য এক সেমিস্টারের শাস্তি প্রদান করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা এই মেয়াদকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা আবাসিক হলে প্রবেশ করতে পারবেন না।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এ আদেশ কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, র্যাগিংয়ের মতো অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ ও সুস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
মতামত দিন