আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনঃস্থাপনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সমাবেশ।
প্রায় ৮ মাস ধরে গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ পুনঃস্থাপনের দাবিতে বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজিত হয় কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে।
বক্তারা জানিয়েছেন, চলতি বছরের ১ মার্চ থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে প্রতিদিন প্রায় সাড়ে ১১শ’ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
শ্রমিকরা আরও উল্লেখ করেছেন, আশুগঞ্জ সার কারখানার উৎপাদিত ইউরিয়া গুণগতমানের কারণে চাহিদা বেশি। কারখানাটি চালু রাখার মাধ্যমে সরকারের লাভ নিশ্চিত হয়। কিন্তু কিছু কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন ব্যবসা করার জন্য বছরের অধিকাংশ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখে, ফলে কারখানাটি ধীরে ধীরে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে গ্যাস সরবরাহ শুরু না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি নেয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদ। বক্তব্য রাখেন কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ এবং ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান। সমাবেশের পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা সার কারখানা চত্বরে শেষ হয়।
মতামত দিন