সিলেট বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কায় সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বোর্ডিং ব্রিজে ধাক্কা খাওয়ায় সিলেট-লন্ডন রুটের ফ্লাইট বাতিল হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) সকাল প্রায় ১০:৩০টার দিকে।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানের ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার পর নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে বিমান পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর কারণে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। তবে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা থেকে একটি অন্য বিমান আনা হচ্ছে, যা দুপুর আড়াইটার দিকে যাত্রীদের লন্ডনে পৌঁছে দেবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামো পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামত কাজ করা হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিমানে ২৬২ জন যাত্রী ছিলেন এবং যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। বিকল্প বিমানের মাধ্যমে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা হচ্ছে।
মতামত দিন