জাতীয়
ছবি: সংগৃহীত

ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় পরিবারকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সেতু মন্ত্রণালয়ের সচিব ও ডিএমটিসিএলের এমডি-কে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডাকযোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) এই নোটিশ পাঠান ঢাকা দায়রা জজ আদালতের আইনজীবী এনামুল হক নবীন। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে পরিবারকে ১০ কোটি টাকা দেওয়া হবে এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি নিশ্চিত করতে হবে।যদি তা পূরণ না হয়, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত রোববার (২৬ অক্টোবর) ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম নিহত হন। সোমবার তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠীতে পৌঁছে জানাজা ও দাফন সম্পন্ন হয়। নিহত ব্যক্তির পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল।

এদিকে হাইকোর্টে দাখিল করা রিটের মাধ্যমে মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনার জন্য আদালত বুধবার আদেশ দেয়ার দিন ধার্য করেছেন।সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন রিটটি দাখিল করেন।

রিটে বিশেষজ্ঞ কমিটি গঠন করে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং দেশের সব ফ্লাইওভার নিরাপদ রাখার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

মতামত দিন