জাতীয়
ছবি: সংগৃহীত

যশোরে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ।

নিজেস্ব প্রতিবেদক:

সীমান্তবর্তী জেলা যশোরে নতুন তথ্য অনুযায়ী, এইচআইভি/এইডস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রোগী সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে গেছে।

যশোর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪০-এর বেশি মানুষ এইডসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী। আক্রান্ত শিক্ষার্থীদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। গত বছরের একই সময়ে এই সংখ্যাটি ছিল উল্লেখযোগ্যভাবে কম—শুধু ১২ জন। অর্থাৎ মাত্র ১০ মাসে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের হার দ্বিগুণ ছাড়িয়েছে।

হাসপাতালের প্রতিবেদনে বলা হয়, এ বছরের নতুন রোগীদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৪ জন নারী। এছাড়া আক্রান্তদের মধ্যে ২৩ জনকে সমকামী হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত বছর যশোরে মোট ২৫ জন এইচআইভি/এইডস আক্রান্ত হন, যার মধ্যে পাঁচজনের মৃত্যু ঘটে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) সেন্টারে বর্তমানে মোট ২২০ জন রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে শুধু যশোরের মানুষ নয়, খুলনা বিভাগের অন্যান্য জেলা থেকেও রোগী এসেছেন। যশোরের মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ ৪৬ হাজার, যা অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে এক জন এইচআইভি/এইডস রোগী।

এ ব্যাপারে সেন্টারের প্রধান ডা. কানিজ ফাতেমা বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণের বর্তমান গতি  সত্যিই উদ্বেগজনক। তরুণদের মধ্যে সহলিঙ্গের প্রতি আকর্ষণগত প্রবণতা বৃদ্ধির পাশাপাশি কৌতূহল এবং সীমান্তবর্তী অঞ্চলের প্রভাবও এ সংক্রমণ বাড়াচ্ছে। সামাজিক সচেতনতা ও দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।”

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যশোর ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের মধ্যে এই ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত থাকলে সামনের বছর আরও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এখনই শিক্ষার্থী ও যুব সমাজকে সচেতন করা এবং পরীক্ষা-নিরীক্ষামূলক স্বাস্থ্যসেবা বাড়ানো অত্যন্ত জরুরি বলে মনে করছেন তারা।

মতামত দিন